বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
সদ্য প্রায়ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ শেষে ফেরার পথে পদদলিত হয়ে নিহত নিরব হোসেন মুন্সীর (৫৫) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং তাঁর পরিবারের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ২টায় পটুয়াখালী বাউফলের ডালিমা গ্রামে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে নিহত নিরব মুন্সীর ছেলে পঙ্গুত্ববরনকারী জুলাই যোদ্ধা তাহসিন আল নাহিয়ান ও তার পরিবারের ভরন পোষন ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা প্রতিনিধির মাধ্যমে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বাউফলের বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার, জামায়াত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড.শফিকুল ইসলাম মাসুদ ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাসু সরকার কুট্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মানুষ।

