Saturday, April 11, 2026

ডেঙ্গু আক্রান্ত হয়ে গাইনি চিকিৎসকের মৃত্যু

Share

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলীর মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃতের বড় ভাই মনজুরুল আজীম পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বাংলা ফ্রেম’কে জানান, কয়েক দিন আগে কাকলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এ সময় তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার দ্রুত অবনতি হলে শনিবার তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তার রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোববার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. কাকলীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লায়। রোগী, সহকর্মী, স্বজন—সবার মুখেই বিষাদের ছাপ। মানবিক চিকিৎসক হিসাবে পরিচিত কাকলী বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়েছেন। চিকিৎসার পাশাপাশি তিনি ছিলেন অধুনা থিয়েটারের সদস্য। গান শুনতে ও প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোবাসতেন তিনি।

স্বজনরা জানান, তার লাশ আপাতত হিমঘরে রাখা হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত একমাত্র কন্যা তুর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লার কনসালট্যান্ট ছিলেন।

Read more

Local News